Main Menu

নেপালে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা জারি

নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের ভ্রমণে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস। আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে নেপালের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

উল্লেখ্য, কর্তৃপক্ষ ইতোমধ্যে মানাংয়ের বিভিন্ন এলাকায় ট্রেকিং স্থগিত করেছে। এর মধ্যে তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাং লা ও ভীমথাং উল্লেখযোগ্য।

এ ছাড়া ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ এবং নিকটবর্তী ট্রেকিং গন্তব্যে যাতায়াত ব্যাহত হওয়ায় পোখারা ও আশপাশের এলাকা ভ্রমণেও সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। মুস্তাং, জমসম ও অন্যান্য পার্বত্য এলাকায় ভ্রমণের আগে গান্দাকি প্রদেশের বিভিন্ন সড়কের যোগাযোগ পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট অবগত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কেননা এসব সড়ক যোগাযোগ তাৎক্ষণিকভাবে বিঘ্নিত হতে পারে।

এ কারণে বাংলাদেশি নাগরিকদের অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলসহ বিভিন্ন পার্বত্য ও ভূমিধসপ্রবণ এলাকায় ট্রেকিং, পর্বতারোহণ এবং ভ্রমণের পরিকল্পনা করার আগে সব তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের জারি করা নির্দেশনাগুলো ঘনিষ্ঠভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

যেসব বাংলাদেশি নাগরিক ইতোমধ্যে দুর্ঘটনাপ্রবণ এলাকায় ভ্রমণ করছেন, তাদের নিরাপদ স্থানে অবস্থান করা, নদীর তীর ও ভূমিধসের আশঙ্কাযুক্ত এলাকা এড়িয়ে চলা, ভ্রমণের আগে সড়ক ও আবহাওয়া পরিস্থিতি যাচাই করা এবং ট্রাভেল অপারেটর ও দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস নেপালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষার পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *