Main Menu

মাদক ব্যবসার প্রতিবাদ করায় কানাইঘাটে সামাজিক সংগঠনের সভাপতিকে নৃশংস হত্যা

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটের গাছবাড়ী এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় অত্যন্ত নৃশংসভাবে খুন হয়েছেন স্থানীয় সামাজিক সংগঠন ‘ছত্রপুর ছাত্র পরিষদ’ (সিসিপি)-এর সভাপতি জনাব এবাদুর রহমান । গতকাল ১লা জানুয়ারি ২০১৯ তারিখে গাছবাড়ি বাজার এলাকায় দিনের আলোয় তাকে কুপিয়ে হত্যা করা হয় । এই হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় তীব্র উত্তেজনা, ক্ষোভ ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক সম্রাট মোঃ হেলাল আহমেদ ও কামাল উদ্দিন সিন্ডিকেটের নেতৃত্বে এলাকায় দীর্ঘকাল ধরে মাদকের অবৈধ কারবার চলে আসছিল )। সামাজিক এই ব্যাধি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে ‘ছত্রপুর ছাত্র পরিষদ’ (সিসিপি)-এর সাধারণ সম্পাদক এমরান আহমেদ বাবলু ও সভাপতি এবাদুর রহমানের নেতৃত্বে একটি জোরদার সামাজিক আন্দোলন ও মাদকবিরোধী মানববন্ধন শুরু হয় ।

এরই ধারাবাহিকতায় সংগঠনের পক্ষ থেকে মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের ঘোষণা দেওয়া হয়, যা এই নৃশংস হত্যাকাণ্ডের মূল কারণ বলে ধারণা করছে এলাকাবাসী ।

নিহত এবাদুর রহমানের স্বজন ও সিসিপি সদস্যদের অভিযোগ, মাদকবিরোধী কর্মসূচি থেকে ফেরার পথে গাছবাড়ি বাজারের পাশেই আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায় । জনসম্মুখে তাকে বারবার ছুরিকাঘাত ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে খুনিরা। সংগঠনের সাধারণ সম্পাদক এমরান আহমেদ বাবলু ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছিল এবং বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা কিংবা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আগে থেকে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই আজ আমরা আমাদের সভাপতিকে হারালাম।”

হত্যাকাণ্ডের খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে । ঘটনার বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “হত্যাকারীদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। পুলিশের একাধিক টিম মাঠে অভিযানে রয়েছে এবং দ্রুতই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।”

এদিকে ঘটনার পর থেকে পুরো গাছবাড়ী ও সুরমা সেতু এলাকায় চরম থমথমে অবস্থা বিরাজ করছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তুললেও পুলিশ রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করেছে । প্রভাবশালী রাজনৈতিক মহলের আশ্রয়-প্রশ্রয় থাকায় অপরাধীরা কাউকেই পরোয়া করছে না । বর্তমানে সিসিপি’র সাধারণ সম্পাদকসহ অন্য সক্রিয় সদস্যরা চরম আতঙ্ক ও জীবন ঝুঁকিতে দিন কাটাচ্ছেন । স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহল এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে খুনিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানিয়েছেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *